বাঁচামরার ম্যাচে রাতে মাঠে নামবে আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে আজ বাঁচামরার ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকা আর্সেনালের। শেষ ষোলোর প্রথম লেগে ১ গোলে হেরে আসা আর্সেনাল আজ রাত ২টায় ঘরের মাঠে আতিথ্য দেবে পোর্তোকে। পিছিয়ে থাকা ম্যাচে জিততে হলে বড় ব্যবধানে জয় চাই গানারদের।

মিকেল আর্তেতার শিষ্যরা অনুপ্রেরণা পেতে পারেন প্রিমিয়ার লিগের দুর্দান্ত ফর্ম থেকে। লিগে টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবাও বলেছেন, ‘ঘরের মাঠে আমাদের হারানো কঠিন। আমরা পরের রাউন্ডে যেতে সর্বস্ব দিয়ে লড়ব।’

তবে ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে প্রথম লেগ হেরে যাওয়ার পর শেষ ১০ বারের মধ্যে ৯ বারই বিদায় নিতে হয়েছে আর্সেনালকে। একমাত্র ব্যতিক্রম ২০০৯-১০ মৌসুমে। ওই মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগ ২-১ গোলে হেরেও ফিরতি লেগ আর্সেনাল জিতেছিল ৫-০ গোলে, খেলেছিল কোয়ার্টার ফাইনালে। ১৪ বছর আগের সেই ম্যাচেও তাদের প্রতিপক্ষ ছিল পোর্তো।