চট্টগ্রামে নগরীর একটি কারখানায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। তাদের মধ্যে একজন নারীও আছে। গ্রেপ্তাকৃতরা হলেন- রিপন চাকমা (২২), লিখি চাকমা (২২) ও নতুন চাকমা (২৩)।
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাতে পতেঙ্গা থানার স্টিল মিল বাজারের নুরুন্নবী গলির একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা বাসা ভাড়া নিয়ে দেশীয় চোলাই মদের কারখানা গড়ে তুলেছিলেন। এ সময় ওই বাসা থেকে ৩টি ড্রাম ও একটি চটের বস্তার ভেতর থেকে ৪১০ লিটার দেশীয় তৈরি মাদকদ্রব্য চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রশাসন ও মানুষের নজর এড়াতে ফ্ল্যাট বাসায় এই কারখানা করা হয়েছে। এখানে তৈরি করা মদ নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করা হত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।