ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি সোমালিয়ার গ্যারাকাড উপকূলের ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর ফেলেছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন এই তথ্য জানিয়েছেন।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি জানান, সকাল ১১টার দিকে জাহাজটি গ্যারাকাড উপকূল থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। বেলা পৌনে একটার দিকে জাহাজটি উপকূল থেকে বিশ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করেছে।
দেশ রূপান্তরের সাথে আলাপকালে সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ মালিকের সঙ্গে কোন ধরনের যোগাযোগ করা হয়নি। কোন মুক্তিপণও চাওয়া হয়নি। জলদস্যুদের পক্ষ থেকে সাড়া পেতে দুই থেকে তিন দিন কিংবা আরও বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা একটার দিকে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লাহ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। সশস্ত্র জলদস্যুরা ২৩ নাবিককে জিম্মি করে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। জাহাজটির মালিক চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেড।