সড়ক পরিবহন আইন সংশোধনের সরকারি উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘আইন সংশোধন হলে সড়ক দুর্ঘটনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সড়কে মৃত্যুর মিছিল আরও লম্বা হবে।’
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নতুন যে সড়ক পরিবহন আইন পাশ করা হয়েছিল পরিবহন মালিক–শ্রমিকদের বাধার মুখে বাস্তবে সে আইন কার্যকরী হয়নি। ফলে পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘পত্রিকার হিসাব অনুযায়ী সড়ক দুর্ঘনায় প্রতিমাসে সারা দেশে গড়ে তিন শর ওপরে মানুষ প্রাণ হারাচ্ছে। আর আহত হচ্ছে এর কয়েক গুণ; অসংখ্য মানুষকে পংগুত্ব বরণ করতে হচ্ছে।’
ক্ষোভ প্রকাশ করে সাইফুল হক বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে এখন পরিবহন আইনের ১২টি ধারা পরিবর্তন করে শাস্তি কমানো ও জামিনে আওতা বৃদ্ধি পেলে মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা যে আরও বেপরোয়া হবে তা নিশ্চিত করে বলা যায়।’
তিনি বলেন, ‘বাস্তবে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য চলছে। এরা কেবল জনগণকে নয়, সরকারকেও জিম্মি করে ফেলেছে। এই জিম্মিদশায় পরিবহন মালিকদের চাহিদামতো এখন এই আইন সংশোধিত হয়ে ঢিলা করা হলে সড়ক-মহাসড়কে অনাকাক্ষিত মর্মান্তিক মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই করবে।’
বিবৃতিতে তিনি পরিবহন সংশ্লিষ্ট সবার মতামত না নিয়ে সড়ক পরিবহন আইন সংশোধন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।