জয় দিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খেলো ক্লাবটি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেছে তারা ৬ উইকেটে।
বিকেএসপিতে টস হেরে ব্যাটিং করতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহানের দারুণ ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৩৭ রান করে শেখ জামাল। তাড়া করতে নেমে তিন ফিফটিতে ভর করে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শাইনপুকুর। গত ম্যাচের মতো এ ম্যাচেও খেলেননি সাকিব আল হাসান।
বিলম্বে ম্যাচ শুরু হওয়ায় খেলা হয় ৪৭ ওভারে। সোহানের ৮০ ও সৈকত আলীর ফিফটিতে ভর করে ২৩৮ রানের লক্ষ্য দেয় জামাল। সোহানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। ৫৬ রান করেন সৈকত। এ ছাড়া ৩৫ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। শাইনপুকুরের জাওয়াদ রোয়েন ৩৭ রানে ৩ ও রবিউল হক ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ২৮ রানের মধ্যে জিশান আলম আর অমিত হাসানকে হারালেও ওপেনার খালিদ হাসান ও ১০৫ রানের জুটিতে সঠিক পথেই হাটতে থাকে শাইনপুকুর। ১৪ রানের মধ্যে মার্শাল আইয়ুব (৫৭) ও খালিদ হাসান (৬৬) আউট হয়ে গেলেও লক্ষ্যচুত হয়নি শাইনপুকুর অধিনায়ক আকবর আলির স্তিতিধি ব্যাটিংয়ে। ইরাফান শুক্কুরকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫২ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬২ রান করে ম্যাচ সেরা হয়েছেন আকবর।
