নেত্রকোণার সদর উপজেলায় স্বামীর কুড়ালের কোপে রুবিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। রুবিনা তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি খাটপুড়া গ্রামেই থাকতেন। পারিবারিক কলহের জোরে শুক্রবার সন্ধ্যায় রুবিনাকে হত্যা করে সাইদুল নিজ বাড়ি মেদনী এলাকায় চলে যান। সাইদুলের চলাফেরা সন্দেহজনক হওয়ায় এলাকার লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোণার সদর উপজেলার মেদনী গ্রামের সাইদুল বিয়ে করে মৌগাতি ইউনিয়নের খাটপুড়া গ্রামের রবিনাকে। বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় স্ত্রীর সাথে বাগবিতণ্ডা হয়। সাইদুল একপর্যায়ে ঘরে থাকা কুড়াল নিয়ে স্ত্রীকে আঘাত করেন। স্ত্রীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে নিজ এলাকা চলে আসেন সাইদুল। এর মধ্যে রুবিনাকে তার বাবার বাড়ির লোকজন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। পুলিশ গিয়ে রুবিনার মরদেহ উদ্ধার করে।
এদিকে, সাইদুর নিজ গ্রামে গিয়ে অসংলগ্ন আচরণ করায় স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নেয়।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম জানান, সাইদুরের কুড়ালের আঘাতে তার স্ত্রী রুবিনা নিহত হয়েছে। এঘটনায় তাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।