পর্ন তারকা সোফিয়া লিওনের মৃত্যুকে 'সন্দেহজনক' বিবেচনা করে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। একইসঙ্গে এই অভিনেত্রীর মডেলিং এজেন্সি ‘ডাকাতি ও হত্যাকাণ্ডে’ তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করেছিল সেটা সত্য নয় বলেও জানিয়েছে পুলিশ। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যাপার্টমেন্টে ২৬ বছর বয়সী এই পর্ন তারকার মরদেহ পাওয়া যায়। অ্যালবাকার্কি পুলিশ জানিয়েছে, শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানা না গেলেও এটিকে ‘সন্দেহজনক মৃত্যু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এক মুখপাত্র। গণমাধ্যমকে ওই মুখপাত্র জানান, মৃত্যুর কারণ নির্ধারণের বিষয়টি টক্সিকোলজি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে।
সে সময় তার মৃত্যু ডাকাতি ও হত্যাকাণ্ড বলে দাবি করেছিল তার মডেলিং প্রতিষ্ঠান ১০১ মডেলিং। তবে শুক্রবার সেই দাবি নাকচ করে দিলো পুলিশ। সে কোনো সহিংস অপরাধের শিকার হয়েছিলেন কি না তা নিশ্চিত নয় পুলিশ।
১৯৯৭ সালের ১০ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্ন সিনেমার ভুবনে প্রবেশ করেন তিনি।