নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ‘নসীব’ সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি জানান, সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হোটেলের কক্ষে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান।
এদিকে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সোহেল খানের মৃত্যুর বিষয়টি তুলে ধরেন।
জয় জানান, তারা বগুড়ার হোটেল মম ইনে ‘নসীব’ সিনেমার শুটিং করছিলেন। ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। তার পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত ছিল।
ফেসবুক পোস্টে জয় লেখেন, শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার পর কক্ষ থেকে বের হতেই মাটিতে পড়ে যান সোহেল খান। এ সময় তার মুখ দিয়ে রক্ত বের হতে দেখে উপস্থিত ব্যক্তিরা প্রথমে ধারণা করেছিলেন, কিছুক্ষণ আগে ড্রাগন ফল খাওয়ার প্রতিক্রিয়া হতে পারে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করে জয় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’