শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল ভরসা রাখলেন শেখ মেহেদির ওপর। তার হাতেই তুলে দিলেন বল। তবে প্রথম তিন বলে ১১ রান দিয়ে যেন ম্যাচটাই হাতছাড়া করে ফেলেছিলেন ডান হাতি অফ স্পিনার। অনেক সমর্থক হয়তো এই স্পিনারকে গালমন্দ করাও শুরু করেছিলেন। কিন্তু নাটকীয়তার বাকি ছিল তখনও। আর সেটাই করে দেখালেন মেহেদী শেষ তিন বলে। পরপর ফেরালেন সিটি ক্লাবের তিন লোয়ার অর্ডার ব্যাটারকে। তাতে হ্যাটট্রিক তুলে নিয়ে প্রাইম ব্যাংককে নাটকীয় এক জয় উপহার দিলেন তিনি।
পারভেজ হোসেন ইমনের ১০০ ও জাকির হাসানের ৭৯ রানে ভর করে ৩০৫ রানের সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। ৩০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে সিটি ক্লাব থেমেছে ৩০২ রানে। ৩ রানের নাটকীয় জয়ে যেন জমে উঠেছিল লড়াইটা।
সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক সাজ্জাদুল হক রিপন। তার ব্যাট থেকে মাত্র ৩৭ বলে আসে ৫টি চার ও ৭টি ছক্কা। এছাড়া শাহরিয়ার কমল ৬৬ ও জয়রাজ শেখ ৫৫ রান করেন। শেখ মেহেদি ৮৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন।
এদিকে দিনের আরেক ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করেছে আবাহনী লিমিটেড। অপর খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ১২১ রানে পরাজিত হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।