বংশালে ছাদ থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যা

রাজধানীর বংশালের সিদ্দিকবাজার এলাকায় একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আরিফুল ইসলাম রিফাত (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। তাদের ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় দূরসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে রাগ ও ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

আজ সোমবার (১৮) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রিফাতের পরিবার জানায়, তারা সিদ্দিকবাজার ৮২/বি নম্বর বাড়ির তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন। পুরান ঢাকার নবাবপুরে একটি ইলেকট্রিক পণ্য বিক্রয়ের দোকানে কাজ করে রিফাত। তার বাবা আবুল হাসনাত পেশায় তেমন কিছু করেন না।

তার মা কুলসুম বেগম জানান, ছয় বছর আগে সিদ্দিকবাজারের এই ফ্ল্যাটটি কিনেছেন তারা। তবে ওই ফ্যাটে পূর্বে যারা থাকতেন তাদের সাথে বাড়িওয়ালার দ্বন্দ্ব হয়। সেই কারণে ওই ফ্ল্যাটের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিল মালিক। তবে তারা যখন ফ্ল্যাটটি কিনে এরপর গ্যাস ও পানির লাইন দিলেও বিদ্যুৎ সংযোগ দিচ্ছিল না। এটি নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিল তাদেরই দূরসম্পর্কের আত্মীয় আফজালের সঙ্গে। আফজালের নিজেদেরও ফ্লাট রয়েছে বাড়িটিতে।

আফজালই তাদের ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ছিল। তবে দীর্ঘ কয়েক বছর ধরে তার পেছনে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছিলেন না পরিবারটি। আজ বিকেলে রিফাতের মা কুলসুম আফজালকে ফোন দিয়ে বাসায় আসতে বলেন। তবে আফজাল না গিয়ে তারই ভাই ইকবালকে ওই বাসায় পাঠান। তখন তারা ইকবালকে বিদ্যুৎ সংযোগ দিতে চাপ দেন। তবে তাদের কথা না শুনে ইকবাল রাগারাগি করে ওই বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। তখন তাকে আটকানোর চেষ্টা করেন রিফাত। অনেক মিনতি করে তাদের বাসায় বিদ্যুতের লাইন দিতে বলে। এটি না শুনে ইকবাল বাসা থেকে বের হয়ে যাওয়ায় রাগে, ক্ষোভে বাড়িটির ৭ম তলার ছাদে চলে যায় রিফাত। সেখান থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।