বলিউডের সাড়া জাগানো ‘টুয়েলভথ ফেল’ সিনেমা খ্যাত ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা মনোজ কুমার শর্মা পদোন্নতি পেয়েছেন। এতদিন মহারাষ্ট্র পুলিশের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার পদোন্নতি দিয়ে মহাপরিদর্শক (আইজি) করা হয়েছে মনোজকে।
এডিটিভির খবর, গত ১৫ মার্চ ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের ব্যাচের আইপিএস কর্মকর্তাদের পদোন্নতির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র অনুমোদিত পদোন্নাতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের তালিকাতে রয়েছেন মনোজ। যা তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এবং মাইলফলক।
এদিকে নিজের এই পদোন্নতির খবর সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মনোজ। ক্যারিয়ারের এই সময় যাদের সহযোগিতা ও সমর্থন পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বলেন, ক্যারিয়ার শুরু করেছিলাম একজন সহকারী পুলিশ সুপার (এসএসপি) হিসেবে। সেখান থেকে আজ আইজি হলাম।
প্রসঙ্গত, আইপিএস কর্মকর্তা মনোজের জীবনের ঘটনা নিয়ে ২০১৯ সালে ‘টুয়েলভথ ফেল’ নামে একটি উপন্যাস লেখেন ভারতের ঔপন্যাসিক অনুরাগ পাঠক। পরবর্তীতে সেই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেন পরিচালক বিধু বিনোদ চোপড়া।
গত বছরের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এরপর ২৯ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায়। অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির পরই অনুপ্রেরণামূলক সিনেমা হিসেবে ব্যাপক সাড়া ফেলে ‘টুয়েলভথ ফেল’। এতে মনোজ চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি এবং শ্রদ্ধা চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী মেধা শংকর।