এশিয়ান ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু বঙ্গবন্ধু আজকের শিশুদের জন্য অনুসরনীয়। শিশুরা বঙ্গবন্ধুর আত¦জীবনী পড়বে, তা থেকে শিক্ষা নিয়ে নিজেকে স্বাধীনচেতা হিসেবে গড়ে তুলবে। 

তিনি আরও বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রূপান্তর। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সেই পথেই হাটছেন। 

এ সময় অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশ নামক দেশটির জন্ম হতো না। জাতির জনকের জীবনটাই ছিল সংগ্রাম আর সাধনার। তিনি সাধনা করেছিলেন বলেই আজ পুরো জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। আগামীতেও স্মরণ করবে। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। তিনি বিশ্বের সকল শিশুদের মানবাধিকার প্রদানে বিশ্ববাসীকে আহবান করেন, তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস। বঙ্গবন্ধু যেমন মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন, তেমনি আমাদেরকেও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।  
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুকতাশা দিনা চৌধুরী।