নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া সব পণ্যের দাম কমাতে বাজারে অভিযান বাড়ানোর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের সামনে আয়োজিত এক ক্যাম্পেইনে এ আহ্বান জানান ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া।
ক্যাব সম্পাদক বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও তা কার্যকর হয়নি। ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাজারের এই অস্থিরতার জন্য অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী। তাই এই সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
ক্যাবের সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী বলেন, ভারত ভোক্তা স্বার্থ সংরক্ষণে ১৯৯৭ সালে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে। কিন্তু বাংলাদেশ এখনো সেটা করতে পারেনি। তাই ভোক্তা অধিকার নিশ্চিত করতে পৃথক ভোক্তা মন্ত্রণালয় গঠন করতে হবে।