সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় রওশন আরা (২৮) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের আজিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রওশন আরা উপজেলার গোবিন্ধল উত্তরপাড়ার আব্বাছ আলীর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রওশন আরা অটোরিকশায় করে বাড়িতে যাচ্ছিলেন। পথে সিংগাইর পৌর এলাকার আজিমপুর নামক স্থানে পৌঁছলে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গাড়ি তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রিকসা থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপস্থিত জনতা গাড়িসহ ড্রাইভারকে আটক করে থানায় দিয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।