রেলের দুর্ঘটনা রোধে আমরা প্রস্তুত: মন্ত্রী

রেল দুর্ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। তিনি বলেন, রেলের যেকোনো দুর্ঘটনা রোধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা নাশকতাকারীদের চিহ্নিত করতে কাজ করছি। একটি টিম ওয়ার্কে কাজ করছি।

শনিবার (২৩ মার্চ) ঢাকা-চট্রগ্রাম রেলপথে তেজের বাজার এলাকায় রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে জিল্লুল হাকিম বলেন, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। এজন্য বিএনপি আস্তে আস্তে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, মাঝে-মাঝে রেল দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে তদন্ত হচ্ছে।  আমরা যতটুকু বোঝার বুঝে নিয়েছি। রেল দুর্ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সদস্য শফিকুর রহমান, সংরক্ষিত মহিলা এমপি নুরুন্নাহার বেগম, রেলওয়ে সচিব হুমায়ুন কবির, রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, রেলওয়ে পুর্বাঞ্চল প্রধান প্রকৌশলী আবু জাফর, রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান প্রমুখ।