আসন্ন রমজানে অনলাইনের পাশাপাশি স্টেশনেও টিকিটের ব্যবস্থা রাখা হবে। রমজান উপলক্ষে এই রুটে ট্রেনের সংখ্যা ও ট্রেনের বগি বৃদ্ধি করা হবে। ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে নেমে এসব কথা বলেছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
আজ শুক্রবার (০১ মার্চ) ঢাকা থেকে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী আসেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ট্রেন থেকে নামার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, ঢাকা থেকে যারা ঢাকা-খুলনা-রাজশাহী-বেনাপোল রূটে যাতায়াত করেন তারা যাতে সহজে ও স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারেন সেজন্য এই রুটে ট্রেনের সংখা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যে কয়েকটি ট্রেন এখন চলমান আছে সেগুলোতে বগি বাড়ানো হবে। এই বগিগুলোতে যাত্রী সিটে বসে যাওয়ার পাশাপশি দাঁড়িয়েও যাতে যেতে পারে সে ব্যবস্থাও থাকবে।
'রাজবাড়ীতে স্টেশন রয়েছে ১৫টি, এর মধ্যে ৯টিতেই কোনো স্টেশন মাস্টার নেই'—এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ইতিমধ্যে রেলে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে যেসব স্টেশনে মাস্টার নেই সেখানে মাস্টার নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য, রাজবাড়ী হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, আন্তনগর মধুমতি এক্সপ্রেস ও নকশীকাঁথা মেইল ট্রেনসহ মোট চারটি পর্যন্ত ট্রেন ঢাকায় চলাচল করছে।
