বাসায় গ্রিল কাটা ডাকাত চক্রের প্রধান গ্রেপ্তার

রাজধানীর তুরাগে গ্রিল কাটা ডাকাত চক্রের প্রধান হোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি চাকু, লুঙ্গি, কান টুপি, ব্যাগ ও ৪ আনা ৩ রতি ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- মো. ইকবাল হোসেন, মো. আনিসুর রহমান আশিক, মো. সজিব মিয়া ও বিশ্বজিৎ তালুকদার পার্থ। 

শনিবার (২৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা। তিনি গণমাধ্যমকে জানান, ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি করতো। এ ঘটনায় তুরাগ থানায় পৃথক দুইটি মামলা রুজু হয় । 

এছাড়া গ্রেপ্তারকৃত তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার সিলেট মহানগরের জালালাবাদ থানার বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে দুইটি ডাকাতির ঘটনার প্রধান অভিযুক্ত মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় তুরাগের ধউর এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত একটি ম্যাগাজিন সংযুক্ত পিস্তল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লুঙ্গি, একটি কান টুপি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি তুরাগের নয়ানিচালা গ্রামের একটি বাড়িতে ও ৩ মার্চ তুরাগের ধউর এলাকার একটি বাসায় গ্রিল কেটে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় পর অনুসন্ধানে নামে পুলিশ। গত ৩ মার্চ ধউর এলাকায় অভিযান চালিয়ে মো. আনিসুর রহমান আশিককে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১০ মার্চ ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য টঙ্গী চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালংকার ক্রয়কারী দোকানদার বিশ্বজিৎ তালুকদার পার্থকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। 

জানা যায়, গ্রেপ্তারকৃতরা গ্রিল কেটে বাসা-বাড়িতে ডাকাতি করার পাশাপাশি রাস্তা-ঘাটেও অস্ত্র দেখিয়েও ডাকাতি করতো।