আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে পুরনো পাকিস্তানি কায়দায় বিএনপি ভারতের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ভারতসহ যে সব বন্ধুদেশ আছে তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি, তারা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে।’
বাংলাদেশের ৪১ ভাগেরও বেশি ভোটার ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এত ভোট অনেক উন্নত দেশেও পড়ে না। তারপরও বলবে ভারত নিয়ে এসেছে। ভারত কোথায়? আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে।’
বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বুঝিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে। তারা ইফতার খাওয়ার পার্টি করে আর আমরা ইফতার দেওয়ার পার্টি করি।’
পণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আসবে।
বিএনপির নেতাদের মতের কোনো মিল নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, মঈন খান বলেন এক কথা, রিজভী বলেন আরেক কথা। আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা। দলটির এক নেতা বলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সহযোগিতা করেছে। আরেকজন বলেন ভারতীয় পণ্য বর্জন করুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।