এবার প্রিমিয়ার লিগে সমান তালে এগোচ্ছিল প্রাইম ব্যাংক, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু পঞ্চম রাউন্ডে এসে হোঁচট খেলো প্রাইম ব্যাংক। গতবারের মতো এবারো গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে তারা।
ফতুল্লায় তামিম ইকবালের ৫৭ রান সত্বেও পেসার আব্দুল গাফফার সাকলায়েন তোপের মুখে ১৩০ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিল প্রথমে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক। অভিজ্ঞ অলোক কপালি ও হাসান মাহমুদ মিলে স্কোরটাকে ভদ্রস্থ করতে পেরেছিলেন। শেষ জুটিতে তাদের ৫১ রানে প্রাইমের স্কোর দাড়ায় ১৮১। ২২ রান করেন হাসান। ৪৪ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৭ রান করে অপরাজিত থাকেন কাপালি। সাকলায়েন ২৪ রানে নেন ৪ উইকেট।
জবাবে দিতে নেমে ৭০ রানে ৪ উইকেট হারালেও সাব্বির হোসেনের ৬৪ রানে ভর করে জয়ের দিকে এগিয়ে যায় গাজী গ্রুপ। ৫২ রানে ক্র্যাম্পে সাময়িক সময়ের জন্য মাঠ ছাড়লেও পরে এসে আরো ১২ রান করে আউট হন সাব্বির।
পাচ ম্যাচে চতুর্থ জয় এটা গাজীর গ্রুপের। প্রাইম ব্যাংকের পঞ্চম ম্যাচে প্রথম হার।
জন্মদিনে জয় উপহার সাকিবের
বিকেএসপিতে ব্যাটে বলে অবদান রেখে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চতুর্থ জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। ৩৭তম জন্মদিনে বল হাতে ইনিংসের উদ্বোধন করে ১০ ওভারে ৪৭ রানে নেন ১ উইকেট তিনি। সাথে সমান ৩টি করে উইকেট রিপন মন্ডল ও জিয়াউর রহমানের। রূপগঞ্জ থামে ৯ উইকেটে ২২৮ রানে। তাদের হয়ে ৮ নম্বরে নেমে সর্বোচ্চ ৬৭ করেছেন সালমান হোসেন ইমন।
জবাবে তিন নম্বরে নেমে ৪৯ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রানে আউট হন সাকিব। আবু হাসিমের বলে ক্যাচ দেন রোহানত দৌলা বর্ষণকে। তবে ফজল মাহমুদ রাব্বির অপরাজিত ৬২ আর ইয়াসির আলীর হার না মানা ৪১-এ ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় জামাল।