প্রতিপক্ষের শটগানের গুলিতে আহত ৮

নারাণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের শটগানের গুলিতে ৮ জন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আজ সোমবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে রূপগঞ্জের নাওরা এলাকায় মোশারফ মেম্বারের বাড়ির সামনে এই গুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন, আকবর (৩২), জয়নাল (৩৬), শামীম (২৫), আরিফ (৯), নূর হোসেন (২৪), তাজ মোহাম্মদ (৩১), মুক্তার (৬০) ও রোমান (১৯)।

আহত মো. শামীম জানান, তাদের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে আসছিল স্থানীয় প্রভাবশালী একটি মহল। সকালে স্থানীয় আন্ডা রফিক, কুত্তা মিজানের অনুসারী আলাদিন, আলাল, বকুল, আলমামুন, ইউসুফ, ফরিদ, নাজমুল, শাহীনসহ অন্তত ৫০ জন সশস্ত্রভাবে তাদের উপর আক্রমণ করে। তারাও একত্রিত হয়ে তাদের বাধা দিলে তাদেরকে ব্যাপক মারধর করে ও শটগানের গুলি চালায়। এতে তারা ৮ জন গুলিবিদ্ধ আহত হন।

আহতরা জানান, এই বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। গত ফেব্রুয়ারি মাসেও তাদের উপর একইভাবে আক্রমণ করা হয়েছিল। তখনও ৫-৬ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ৮ জনের শরীরেরই কমবেশি শটগানের গুলিবিদ্ধ হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনাটি রূপগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।