উড়োজাহাজের নিরাপত্তা বিতর্কের মুখে পদত্যাগ করছেন প্লেন-নির্মাতা সংস্থা বোয়িংয়ের প্রধান নির্বাহী (সিইও) ডেভ ক্যালহাউন। পাশাপাশি, এর বাণিজ্যিক এয়ারলাইন্স বিভাগের প্রধানও অবিলম্বে অবসর নেবেন এবং চেয়ারম্যান আর নির্বাচনে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সংস্থাটি।
আজ সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গত জানুয়ারিতে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেনের অব্যবহৃত দরজা খুলে উড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সংস্থাটির সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দেয়।
২০২০ সালের শুরুর দিকে বোয়িংয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ডেইভ কলহৌন। প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনার জেরে সাবেক প্রধান নির্বাহী ডেনিস মুইলেনবার্গকে বরখাস্ত করার পরই প্রধান নির্বাহীর দায়িত্ব পান কলহৌন।
তখন মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের একেবারে নতুন দুটি উড়োজাহাজ পুরো একইভাবে দুর্ঘটনার কবলে পড়ে। দুই দুর্ঘটনায় যাত্রী, ক্রুসদস্যসহ ৩৪৬ জন নিহত হয়েছিলেন।
এমন বিপর্যয়কালীন পরিস্থিতিতে বোয়িংয়ের বোর্ড সদস্য থেকে সিইও পদে উঠে আসেন ক্যালহাউন। সংস্থাটির নিরাপত্তা জোরদার এবং মানুষের আস্থা অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
কিন্তু এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই আলাস্কা এয়ারলাইনসের একটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেনের জরুরি বহির্গমন দরজা উড়ে যায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, দরজাটিতে চারটি বোল্ট লাগানো ছিল না।
এ ঘটনায় বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হচ্ছে। পাশাপাশি, প্লেনটিতে থাকা যাত্রীদের কাছ থেকেও আইনি ব্যবস্থার মুখে পড়ছে সংস্থাটি।