ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চায় এফবিসিসিআই

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)। ব্যবসায়ী ও ভোক্তার সম্মিলিত সহযোগিতা এই উদ্যোগকে আরও ফলপ্রসূ করবে।

গতকাল বিকেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতিবিষয়ক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী। এফবিসিসিআইয়ের উদ্যোগে বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতি যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতির সভাপতি আতিক উল্যাহ।

আমিন হেলালী বলেন, ভোক্তার ভোগান্তি ও ব্যবসায়ীদের যাতে খারাপ অপবাদ না হয় সেজন্য এফবিসিসিআই কাজ করছে। তবে শুধু ভোক্তা কিংবা শুধু ব্যবসায়ীদের পক্ষে একতরফাভাবে সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি। ভোক্তাদের কথা বিবেচনা করে ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আগামী ঈদ পর্যন্ত এফবিসিসিআই নিয়মিত রাজধানীর বিভিন্ন মার্কেট মনিটরিং ও সতর্কতামূলক সভা চালাবে বলেও মন্তব্য করেন তিনি।

অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে মো. আমিন হেলালী বলেন, শুধু ব্যবসায়ী নয়, সব ক্ষেত্রেই দুষ্কৃতকারী রয়েছে। তাদের আইনের আওতায় আনতে হবে। অসৎ উপায়ে ব্যবসা পরিচালনা করলে সরকারের কাছে তাদের নাম পরিচয় প্রকাশ করে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন মো. আমিন হেলালী।

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দেন ব্যবসায়ী ও বাজার কমিটির নেতারা।