নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় ২ কিলোমিটার ভেতরে সিলমারি এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ওই যুবক নিতপুর ইউনিয়নের চক বিষ্ণুপুর কলোনি মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ৮-১০ জন বাংলাদেশি পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে গরু আনতে যায় ভারতের মালদা জেলায়। মালদা থেকে গরু নিয়ে গতকাল ভোররাতে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের ১৫৯ ব্যাটালিয়নের অওয়াতাধীন টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় তারা পালিয়ে নিতপুর সীমান্ত বাংলাদশের অভ্যন্তরে আসার সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বাংলাদেশ থেকে গরু আনতে যাওয়া অন্য সদস্যরা পালাতে পারলেও আল আমিন ভারতের মালদা জেলার সিলমারি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আল আমিনের মরদেহ নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফের সদস্যরা নিয়ে যায়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, গতকাল ভোরে ভারতের অভ্যন্তরে ফায়ারিংয়ের শব্দ শুনতে পান তারা। ঘটনাটি সীমান্ত এলাকার ২৩১/২৩২ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি জানতে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি ও ফোনে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন পারভেজ (২০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গত সোমবার মধ্যরাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম সীমান্তের ৯২৩ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত লিটন পারভেজ দীঘলটারী সাংকারচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে একজন যুবক আহত হয়েছেন।
আদিতমারী থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে একদল গরু পাচারকারী। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলেন। এ সময় গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০-২৫ বাংলাদেশি তাদের উদ্ধার করতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। লিটন পারভেজ এ সময় লাঠি নিয়ে একজন বিএসএফ সদস্যের দিকে তেড়ে গেলে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় বাকিরা পালিয়ে বাঁচলেও গুলিতে আহত হয়ে ভারতে পড়েছিলেন লিটন। পরে তাকে নিয়ে যান বিএসএফ সদস্যরা। কয়েক বছর আগেও এমন একটি ঘটনায় বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছিলেন লিটন পারভেজ।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, আহত যুবককে ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে এক যুবক আহত হয়েছেন। তাকে ভারতের এমজি হাসপাতালে ভর্তি করেছে বলে বিএসএফ জানিয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।