দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলেও উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান এখনো পুরোপুরি পরিষ্কার নয়। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে নানা মত আছে দলটির শীর্ষ নেতাদের ভেতরে। এবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। তবে সেখানেও আনুষ্ঠানিক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। গত সোমবার রাতে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন। দেশের রাজনীতি, সীমান্ত হত্যাসহ নানা ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতের নেতিবাচক ভূমিকার সমালোচনা চালিয়ে যাওয়ার কৌশল ঠিক করার কথাও আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে। তবে দেশে চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সঙ্গে দলগতভাবে বিএনপির যুক্ত হওয়া ঠিক হবে না বলে মত দেন নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা। এ বিষয়ে বিএনপির কৌশল কী হবে, তাও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দেন নেতারা।
ওই বৈঠকে অংশ নেওয়া এক নেতা দেশ রূপান্তরকে জানান, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপির কৌশল কী হওয়া উচিত সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। দলগতভাবে নির্বাচনে না গিয়ে কৌশল গ্রহণ করার পক্ষে মত প্রায় সব নেতার। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলের নেতাদের উৎসাহিত না করা, আবার কেউ নির্বাচনে যেতে চাইলে তাকে দলীয়ভাবে বাধা না দেওয়ার বিষয়েও মত এসেছে। স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের মত হলো, বিএনপি দলগতভাবে যে নির্বাচনে যেতে চায় না তা পরিষ্কার করতে হবে। এরপর কেউ নির্বাচনে আগ্রহী হলে নিজ দায়িত্বে অংশ নিতে পারেন।