গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন 

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে বড় ভাইকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম হানিফ মিয়া (৩৫)।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ও অভিযুক্ত আনিছ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে হানিফ সবার বড়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হানিফ ও আনিছ পৃথক দুটি গরুর খামার রয়েছে। বাড়ির পাশের অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছেন। বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনিছ হানিফ মিয়াকে কাঠ দিয়ে পেটায়। এ সময় হানিফের বাঁ চোখ দিয়ে কাঠ ঢুকে মাথায় লাগলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান বলেন, তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাত পাওয়ায় মৃত্যু ঘটে তার।

এ বিষয়ে চান্দিনা থানার এসআই মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পরপর আছিন মিয়া পালিয়ে গেছে। এ ঘটনার অভিযুক্ত আনিছকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।