প্রেমিকার টানে চীন থেকে কুমিল্লায়, বিয়েতে নারাজ পরিবার

চীনা ওই যুবকের নাম মো জিয়াকিয়ান। নিজ দেশে একটি রেস্তোরাঁয় কাজ করেন তিনি।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে ছুটে এসেছিলেন এক যুবক। ইচ্ছা ছিল প্রেমিকাকে বিয়ে করে নিজের দেশে নিয়ে যাবেন। কিন্তু তরুণীর পরিবারের আপত্তিতে পূরণ হলো না তার সেই স্বপ্ন। শেষ পর্যন্ত বিয়ে না করেই প্রেমিকার বাড়ি ছাড়তে হয়েছে তাকে।
 
চীনা ওই যুবকের নাম মো জিয়াকিয়ান। পাসপোর্ট অনুযায়ী, তার জন্ম ১৯৯২ সালের ১৭ মার্চ। তিনি চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা। নিজ দেশে একটি রেস্তোরাঁয় কাজ করেন তিনি।
 
জিয়াকিয়ান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে পরিণতি দিতে এবং প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। ঢাকায় একটি আবাসিক হোটেলে অবস্থানের পর শুক্রবার সরাসরি চলে যান প্রেমিকার গ্রামের বাড়িতে।
চীন থেকে প্রেমিকের আসার খবর ছড়িয়ে পড়লে ওই তরুণীর বাড়িতে ভিড় করেন উৎসুক লোকজন। বিদেশি যুবককে একনজর দেখতে স্থানীয়দের মধ্যে তৈরি হয় কৌতূহল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 
জিয়াকিয়ানের বাংলাদেশে আসার উদ্দেশ্য ছিল প্রেমিকাকে বিয়ে করা। ওই তরুণীও জানান, তিনি জিয়াকিয়ানকে বিয়ে করে চীনে যেতে আগ্রহী। তবে তাদের এই সম্পর্কে আপত্তি জানান তরুণীর মা-বাবা। তারা বিয়েতে সম্মতি দেননি। দীর্ঘ সময় আলোচনা করেও পরিবারকে রাজি করাতে না পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়।
 
তরুণীর বাবা বলেন, আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ওই যুবক এক মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছেন। তার কাছে বিয়ের কোনো অনুমতিপত্র নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এ ধরনের বিয়ের পর প্রতারণা বা ব্ল্যাকমেলের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চীনা যুবকের আসার খবর পেয়ে তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে পুলিশ ও স্থানীয় লোকজন ওই যুবকের সঙ্গে কথা বলেন। তার নাগরিকত্ব নিশ্চিত করতে পাসপোর্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
 
ওসি জানান, মেয়ের পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি ছাড়েন জিয়াকিয়ান। পরে নিরাপত্তার স্বার্থে তাকে কুমিল্লা শহরের একটি হোটেলে পৌঁছে দেওয়া হয়।
সর্বশেষ সর্বাধিক পঠিত