চীনা মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান সং শিন লেদার (বিডি) কো. লিমিটেড কুমিল্লা ইপিজেডে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করতে যাচ্ছে। তারা ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৮০ লাখ বর্গফুট প্রক্রিয়াজাতকৃত গরু ও মহিষের চামড়া উৎপাদন করবে। যেখানে ১০০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সং শিন লেদার (বিডি) কো. লিমিটেডের মধ্যে এই লক্ষ্যে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং সং শিন লেদার (বিডি) কো. লিমিটেডের মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেনসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।