বস্ত্র-পাটে চীনের বড় বিনিয়োগ চায় বাংলাদেশ

বাংলাদেশে বস্ত্র ও পাট খাতে চীনের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বৃহৎ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, পাট ও পাটজাত পণ্য পরিবেশবান্ধব। এ খাতে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এরই মধ্যে বিনিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন। চীনের বিনিয়োগকারীরাও এ খাতে বিনিয়োগ করতে পারেন। আমরা চীনে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে চাই।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চীনে প্রশিক্ষণ ও স্কলারশিপের সুযোগ বাড়ানোর অনুরোধ করেন মন্ত্রী।

চীনা রাষ্ট্রদূত বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আজ আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছি। এর ফলে টেক্সটাইল ও পাটজাত পণ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করি।