মামা-ভাগ্নের ‘চোর সিন্ডিকেট’

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে চোরাই ১১টি মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের প্রধানসহ আটজনকে আটক করেছে।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিগত বেশকিছু দিন থেকে পটিয়ার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি হচ্ছিল। বিষয়টি মনিটর করা হয় এবং বৃহস্পতিবার উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের প্রধান পটিয়ার হুলাইন থেকে হুমায়ুন কবির ওরফে শরীফ ওরফৈ রাসেল ওরফে বাচাকে (৩২) আটক করে। পরে তার ভাগ্নে মো. সাকিব (২৪) কে জেলার হাটহাজারী থেকে আটক করা হয়। মামা-ভাগ্নে মিলে দীর্ঘদিন মোটরসাইকেল চুরি করে সেগুলো ৩০/৩৫ হাজার টাকায় বিক্রি করে আসছিল। সাকিব মোটরসাইকেল চুরির অভিযোগে জেলে আটক ছিল।

তিনি আরও জানান, আটক অন্যরা হলো পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের খোরশেদ আলম (২৭), ভাটিখাইন ইউনিয়নের মেহেদী হাসান (২৪), চকরিয়া উপজেলার মো. আলমগীর প্রকাশ বাবলু (২৬), চকরিয়া উপজেলার শাহাদাত হোসেন প্রকাশ পুতু (২৫), মো. মিরাজ (২৬) ও মো. হানিফ (২৭)।

ওসি জসিম উদ্দিন বলেন, গত বুধবার আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের একটি সিন্ডিকেটের আট সদস্যকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা, কক্সবাজার জেলার চকরিয়া ও রামু থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ উদ্ধার করেছে ১১টি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি মাস্টার ‘কী’। যেকোনো মোটরসাইকেল মাত্র ২০/৩০ সেকেন্ডের মধ্যে তারা এই চাবি দিয়ে খুলে ফেলতে সক্ষম।

চাবি তৈরির কারিগরকে আটকের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। এঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।