সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালিদ হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত খালিদ হাসান সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে।

হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর এ কে এম শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দ্রুতগামী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে। গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।