ক্ষতস্থানে জীবাণুর সংক্রমণ

ডা. ফাতেমা-তুজ-জোহরা

রেজিস্ট্রার (সার্জারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ক্ষত সবসময় দ্রুত শুকায় না। অনেক সময় কয়েক সপ্তাহ লেগে যায়। এমনকি কয়েক মাসও ক্ষত থেকে যেতে পারে। সাধারণত এ ধরনের ক্ষতকে ক্রনিক বা দীর্ঘমেয়াদি ক্ষত বলে। নানা কারণে দেহের ক্ষত দীর্ঘস্থায়ী হতে পারে। এসব ক্ষত সারাতে হলে বিশেষ যত্ন ও চিকিৎসা নিতে হয়। আর অবহেলা করলে এই ক্ষত থেকে আরও গভীরে হাড়ে সংক্রমণ, এমনকি চর্মজনিত ক্যানসারও হতে পারে। ক্ষত নিরাময় দেহের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা চারটি সুনির্দিষ্ট ধাপের মাধ্যমে হয়। ধাপগুলো হলো  হেমোস্ট্যাসিস, প্রদাহ, প্রসারণ ও পুনর্নিমাণ। ক্ষত ভালোভাবে নিরাময়ের জন্য ওপরের চারটি ধাপই ক্রম ও সময় মেনে ঘটতে হবে। বেশ কিছু বিষয় আছে, যেগুলো ক্ষতস্থান পূরণের পর্যায়গুলোয় বাধা হয়ে দাঁড়ায়, ফলে ক্ষত শুকাতে স্বাভাবিকের সময়ের তুলনায় বেশি সময় লাগে।

কারণ

মরা চামড়া বা কোষ : ক্ষতস্থানে মরা চামড়া বা কোষ থাকলে বা শরীরের অংশ নয় এমন কিছু রয়ে গেলে।

সংক্রমণ : ক্ষতস্থানে জীবাণু আক্রমণ করলে শরীর তখন ক্ষত পূরণ না করে জীবাণু ধ্বংসে ব্যস্ত থাকে।

রক্তক্ষরণ : ক্ষতে যদি রক্তপাত হতেই থাকে, নতুন কোষ তৈরি, জোড়া লাগা, মজবুত হতে দেরি হয়।

রক্ত চলাচলে বাধা : ক্ষতস্থানে রক্ত চলাচল ব্যাহত হলে ক্ষত নিরাময়ের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়।

খাদ্য ও পুষ্টির ঘাটতি : ক্ষত পূরণের জন্য শরীরে পর্যাপ্ত প্রোটিন, জিংক, আয়রন ও ভিটামিন সি-এর প্রয়োজন। এসব জিনিসের ঘাটতি থাকলে ক্ষত শুকাবে না। বাড়তি ওজনের কারণেও ক্ষত শুকাতে দেরি হয়।

কিছু রোগ : ডায়াবেটিস, রক্তশূন্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব, ক্যানসার, রক্তনালির সমস্যা বা রক্ত চলাচলে সমস্যাজনিত রোগ থাকলে দেরি হয়।

ধূমপান : ধূমপানের অভ্যাস থাকলে ক্ষতস্থান পূরণে ধীর হয়। বাড়ে জটিলতা। এ ছাড়া ডায়াবেটিস, নিউরোপ্যাথি ও কুষ্ঠ থাকলে অনুভূতি কমে যাওয়ার কারণে বারবার ক্ষত বা আঘাত লাগলেও রোগী বুঝতে পারেন না, দীর্ঘমেয়াদি ক্ষতের সৃষ্টি হয়। বিশেষ ধরনের জীবাণু দিয়ে সংক্রমণ হলেও ক্ষত দীর্ঘমেয়াদি হয়।

প্রতিকার

শরীরে কোনো ক্ষতের সৃষ্টি হলে এবং ৩ থেকে ৪ সপ্তাহের তুলনায় দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক রোগীর সম্পূর্ণ ইতিহাস, ওষুধ, অভ্যাস ও অন্যান্য রোগ সম্পর্কে জেনে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, রক্ত চলাচল ও স্নায়ু পরীক্ষা, ক্ষতস্থানের পুঁজ এমনকি ক্ষতস্থান থেকে সামান্য মাংস কেটে পরীক্ষা করে ক্ষত না শুকানোর কারণ বের করতে পারবেন এবং সে অনুযায়ী যথাযথ চিকিৎসা প্রদান করবেন। সুতরাং দুর্ঘটনাবশত শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে এবং শুকাতে দেরি হলে হেলাফেলা না করে নিকটস্থ চিকিৎসকের কাছে অবশ্যই যাবেন।