মেক্সিকোর ওক্সাকা রাজ্যের সমুদ্র সৈকত থেকে ৮ জন চীনা নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে সাতজন নারী এবং একজন পুরুষ ছিলেন।
স্থানীয় সময় শুক্রবার তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস রাজ্য থেকে যাত্রা করা একটি নৌকায় সাত মহিলা এবং একজন পুরুষ ছিলেন। এ দূর্ঘটনায় একজন বেঁচে গেছেন। তবে, নৌকার চালকের ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট নয়।
যে সমুদ্র সৈকতে মৃতদেহগুলো ভেসে উঠেছিল, সেটা মূলত যুক্তরাষ্ট্রে বেআইনি ভাবে পৌঁছানোর জন্য প্রায়শই অন্যান্য দেশের বাসিন্দারা ব্যবহার করে থাকেন।
ওক্সাকার প্রসিকিউটর অফিস বলছে, প্লায়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে মরদেহগুলো পাওয়া যায়। বর্তমানে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মেক্সিকো চীনা দূতাবাসের সঙ্গে যৌথভাবে নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৬৩ লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।
গত বছর মার্কিন-মেক্সিকো সীমান্তে ৩৭ হাজারের বেশি চীনা নাগরিককে আটক করা হয়েছিল। দুবছর আগের তুলনায় যা প্রায় ৫০ গুণ বেশি।