আমেথিতে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী

কংগ্রেসের রাজনীতিতে যাত্রা শুরু হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার। উত্তরপ্রদেশের আমেথি লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আমেথি লোকসভা কেন্দ্র থেকে সব সময় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন গান্ধী পরিবারের সদস্যরা। এবার সেখানেই যাত্রা শুরু হতে পারে রবার্টের নির্বাচনী রাজনীতি।

গতকাল বৃহস্পতিবার রবার্ট বঢরা বলেন, ‘আমেথির মানুষ প্রত্যাশা করে আমি সেখানে তাদের প্রতিনিধিত্ব করি।’

২০১৯ সালে লোকসভা নির্বাচনে আমেথি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনয়নে লড়াই করেন রাহুল গান্ধী। কিন্তু তিনি বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হন। রবার্ট গতকাল স্মৃতিকেও একহাত নেন। তিনি বলেন, ‘এখানে যিনি (স্মৃতি) সর্বশেষ নির্বাচিত হয়েছেন, তার কাজই হচ্ছে গান্ধী পরিবারকে আক্রমণ করা। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারছেন না তিনি।’ তিনি অভিযোগ করেন, উত্তরপ্রদেশের রায়বেরেলি যেখান থেকে সোনিয়া গান্ধী জয়লাভ করেছিলেন ২০১৯ সালে; সেই কেন্দ্রসহ  সুলতানপুর ও আমেথি কেন্দ্রগুলো সবসময়ই গান্ধীদের দুর্গ ছিল। কিন্তু এখন আমেথির মানুষ সমস্যার মধ্যে রয়েছেন।