রায়পুরায় নগদের দুই কর্মীকে গুলি ৬০ লাখ টাকা লুট

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের কাছে এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ দুজন হলেন নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের সুপারভাইজার দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠকর্মী শাহিন মিয়া (২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানের নরসিংদী ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে রায়পুরা ব্রাঞ্চে যাচ্ছিলেন ওই দুই কর্মী। তারা হাসনাবাদ বাজার থেকে ১০ নম্বর সেতুর কাছে পৌঁছলে অপরিচিত দুই ব্যক্তি তাদের মোটরসাইকেল আটকায় এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা নগদের সুপারভাইজার দেলোয়ারের পেটে  ও শাহিনের হাতে গুলি করে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।