এবিজি বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। মুন্সিগঞ্জে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস নবম জয়ের দেখা পেয়েছে। আগের মতো এই ম্যাচেও তারা পেয়েছে বড় জয়। চট্টগ্রাম আবাহনীকে কিংস হারিয়েছ ৫-০ ব্যবধানে। গোপালগঞ্জে নিজেদের ভেন্যুতে প্রথমপর্বে হারের বদলা নেওয়া দূরে থাক, ফর্টিজ এফসির কাছে কোনমতে হার এড়িয়েছে ঢাকা আবাহনী। শেষ মূহূর্তে গোল করে ম্যাচটা তারা শেষ করতে পারে ১-১ সমতায়। এদিকে রাজশাহীতে ম্যাচটা ছিল দুই অবনমন অঞ্চলে থাকা রহমতগঞ্জ ও ব্রাদার্সের মধ্যে। সেই ম্যাচটা ২-০ তে জিতে লিগে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি আটে উঠে গেছে রহমতগঞ্জ।
লিগের দ্বিতীয়পর্বের শুরুর ম্যাচে কিংস ব্রাদার্সকে হারিয়েছিল ৭-১ ব্যবধানে। সেটি ছিল লিগে বসুন্ধরা কিংসের শততম ম্যাচ। শুক্রবার সেই ধারা অব্যাহত রেখে ১০১তম ম্যাচটাও তারা জিতেছে বড় ব্যবধানে, চট্টগ্রাম আবাহনীকে পড়িয়েছে গোলের মালা। প্রথমার্ধেই কিংস এগিয়ে গিয়েছিল ৪-০ ব্যবধানে। ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজের লক্ষ্যভেদে লিড নেয় কিংস। ১২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনহো। এর সাত মিনিট পর রবিনহোর থ্রু ধরে অসাধারণ গোল করেন রাকিব হোসেন। প্রথমার্ধের শেষ সময়ে ৪-০ করেন উজবেক মিডফিল্ডার আসরর গফুরভ।
আর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রাকিব দ্বিতীয় গোল করে কিংসের বড় জয় নিশ্চিত করেন। এ নিয়ে লিগে রাকিবের গোলসংখ্যা দাঁড়ালো ৭। তার চেয়ে বেশি গোল আছে কেবল ডরিয়েলটন (৯ গোল) ও আবাহনীর স্টুয়ার্ট কর্নেলিয়াসের (৮ গোল)। রাকিবের সমান সাত গোল আছে রবিনহো এবং মোহামেডানের সুলেমান দিয়াবাতের। ১১ ম্যাচে ৯ জয়, ১ হার, ১ ড্রয়ে কিংসের সংগ্রহ এখন ২৮ পয়েন্ট।
কিংস এবং দুইয়ে থাকা মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগটা কাজে লাগাতে পারেনি ঢাকা আবাহনী। গোপালগঞ্জে তারা ফের ফর্টিজের কাছে হারতে বসেছিল। গোলশূন্য প্রথমার্ধের পর ইউক্রেনের ফরোয়ার্ড হারসিন ভালেরির গোলে লিড নিয়েছিল প্রথম পর্বে আবাহনীকে ১-০ গোলে হারানো ফর্টিজ। সেটা ধরে রেখে চতুর্থ জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল দলটি।
তবে ছয় মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করে হারের লজ্জা থেকে আবাহনীকে রক্ষা করেন। ১১ ম্যাচ থেকে আবাহনী ১৯ পয়েন্ট সংগ্রহ করে রয়েছে তৃতীয়স্থানে। শীর্ষে থাকা কিংসের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলা মোহামেডান আকাশী-হলুদদের চেয়ে এগিয়ে ১ পয়েন্টে।
রাজশাহীতে তলানীতে থাকা ব্রাদার্সকে হারাতে বেগ পেতে হয়নি রহমতগঞ্জকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে মিশরের নয়া রিক্রুট মোস্তফা কাহরাবার গোলে এগিয়ে যায় পুরানো ঢাকার দলটি। ম্যাচের ৮৫ মিনিটে ঘানার ফরোয়ার্ড আরনেস্ট বোয়েটাং রহমতগঞ্জের প্রথম জয় নিশ্চিত করেন নিঁখুত লক্ষ্যভেদে। এই জয়ে রহমতগঞ্জের সংগ্রহ দাঁড়ালো ১০। এখন তারা আটে। সমান পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী গোল গড়ে পিছিয়ে থাকায় নেমে গেছে নয়ে। আর ৩ পয়েন্ট নিয়ে তলানীতে ধুকতে হচ্ছে ব্রাদার্সকে।