ঈদের কেনাকাটা করতে গিয়ে তিন বন্ধুর মৃত্যু

ফেনীর ফাযিলপুর রেলক্রসিংয়ে ট্রেন ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের ৩ যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মো. ইয়াছিন মিয়ার ছেলে মো. সাজ্জাদ হোসেন (২০), একই গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. রিফাত (১৯) ও মৃত নূর মোহাম্মদ প্রকাশ নূর হোসেনের ছেলে দ্বীন মোহাম্মদ (২১)। নিহতরা সকলে স্থানীয় ধোড়করা বাজারে ওয়ার্কশপ সহ বিভিন্ন দোকানে কাজ করতো বলে জানা গেছে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ এপ্রিল) ঈদের কেনাকাটা করতে নিহত সাজ্জাদ, রিফাত ও দ্বীন মোহাম্মদসহ ওরা এগারো বন্ধু হাসানপুর রেলস্টেশন থেকে ভোর সাড়ে সাতটায় ট্রেনে ওঠে চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেনে ওঠার ঠিক আগ মুহুর্তেই তারা স্টেশন এলাকায় যৌথ সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছে। 

এরপর ওই ট্রেনটি ফেনীর ফাযিলপুর রেলক্রসিং এলাকায় পৌঁছলে হঠাৎ করে বালুবাহী একটি ট্রাকের সাথে ট্রেনের সামনের অংশের ধাক্কা লাগে। এতে বগির বাহিরে রেলিং এর সাথে থাকা চার যুবকের তিনজনই ঘটনাস্থলে নিহত হন। অপর যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ধাক্কা খাওয়া বালুবাহী ট্রাকের চালক মিজানুর রহমান ও হেলপার আবুল খায়ের ঘটনাস্থলে এবং আশিক নামে অপর এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। 

তবে ফেনী রেলওয়ে পুলিশের দাবী এ দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে ট্রাক চালক-হেলপার ঘটনাস্থলে এবং অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। চৌদ্দগ্রামের তিন যুবক নিহতের বিষয়টি তারা জানেনই না।

চৌদ্দগ্রামের নিহত তিন যুবকের সঙ্গী উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মো. কেফায়েত উল্লাহ ও মো. আব্দুল্লাহ্ সাংবাদিকদের জানান, ‘ঈদের কেনাকাটা করতে ভোর রাতে সাহরী খেয়ে আমরা সকলে হাসানপুর রেলস্টেশনে একত্রিত হই। সকাল সাড়ে সাতটায় একটি লোকাল ট্রেনে উঠে আমরা এগারজন চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করি। ফেনী রেলস্টেশনে যাওয়ার পর আমরা সকলে ট্রেনের বগিতে উঠে সীটে বসে পড়ি। কিন্তু স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর দ্বীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনের রেলিংয়ে গিয়ে বসে। পরে ফেনীর ফাযিলপুর রেলক্রসিং এলাকায় ট্রেনটি পৌঁছলে হঠাৎ করে একটি বালুর ট্রাক এসে ট্রেনের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই আমাদের তিন বন্ধুসহ কয়েকজন নিহত হয়েছে।

নিহত সাজ্জাদের পিতা ইয়াছিন বলেন, ‘সাহরী খেয়ে তারা বেরিয়ে যায়, সকালে আমি গরুর জন্য ঘাস কাটতে মাঠে চলে যাই। মাঠে থাকা অবস্থায়ই দুর্ঘটনার খবর পাই।’

চিওড়া ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের জানান, ‘আমার এলাকার বেশ কয়েকজন যুবক ও কিশোর ঈদের কেনাকাটার উদ্দেশ্যে ট্রেনে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল বলে শুনেছি। পথিমধ্যে ফেনীর ফাযিলপুর এলাকায় বালুবাহী ট্রাক ও ট্রেনের মুখোমুখী সংঘর্ষে এদের মধ্যে তিন যুবক নিহত হয়েছে।

ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর আমার জানা নাই। তবে দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানান তিনি।’

রেলওয়ের পুলিশের চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমি পেয়েছি, ঘটনাস্থলে ট্রাক চালক ও সহকারী এবং হাসপাতালে আশিক নামে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।’
 
ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু বলেন, ‘বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। কিছুক্ষণ রেল চলাচল বিঘ্নিত হলেও পরে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’