গেল বছরের মে মাসের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি জোফরা আর্চারকে। ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পরিচালক রব কি আশা করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জাতীয় দলে ফিরবেন আর্চার।
আর্চার খেলতে পারেননি ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কয়েক দফায় অস্ত্রোপচারের পর গত বছরের জানুয়ারিতে মাঠে ফেরেন তিনি। কয়েকটি ম্যাচ খেলার পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে আর্চারের পুরোনো চোট (কনুইয়ের সমস্যা)। তাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তাকে পায়নি ইংল্যান্ড।
আর্চারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে স্কাই স্পোর্টসকে রব কি বলেন, ‘অবশ্যই (সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে)। প্রাক-মৌসুমে সাসেক্সের সঙ্গে ভারতে ছিল আর্চার। সেখানে দ্রুতগতিতে বল করেছে এবং সত্যিই ভালো বোলিং করেছে। এখন সে ক্যারিবিয়ানে ফিরে গেছে, সেখানে কিছু ক্লাব ক্রিকেট খেলবে।’
বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে আর্চার ফিরবেন বলে আশা রব কি এর। ‘বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে খেলা তার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়া। সে পাকিস্তান সিরিজে খেলবে আশা করি। এই মুহূর্তে আর্চারকে নিয়ে আশা করা ছাড়া কিছু করার নেই।’
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে মে মাসের শেষদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলবে ইংল্যান্ড।