ঈদগাহে সামিয়ানা টানানো নিয়ে সংঘর্ষ, আহত ৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদগাহ মাঠে সামিয়ানা টানানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলা রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামে বাইতুল মামুর জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়রা জানায়, মসজিদটির ৩ জন জমিদাতার মধ্যে একজন হলেন মোহাম্মদ আলী সিপাহী। বাকী ২ জন মোহাম্মদ আলী বেপারী ও মাওলানা গনি মুন্সী। কিন্তু মসজিদ নির্মাণের প্রায় ৪০ বছর পর এসে সিপাহীবাড়ীর লোকজন মসজিদটির নাম পরিবর্তন করে রাখে সিপাহীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ। এ নিয়ে ওই এলাকার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

শুক্রবার জুমার নামাজের পর আগামী ঈদুল ফিতরের ঈদগাহ মাঠে সিপাহী বাড়ির লোকজন ও কালাম শিকদার-মকবুল মুন্সী গংদের মধ্যে কারা তাবু টানাবেন তা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সিপাহী গ্রুপের আব্দুল খালেক সিপাহি, আমজাদ সিপাহী, মুনতাজ উদ্দিন সিপাহী, দ্বীন ইালাম, আজিজুল সিপাহী আহত হয়। তাদেরকে রক্তাক্ত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর একটি সূত্র জানায়, কালাম শিকদার গ্রুপের ২ জন আহত হয়েছে।

রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান মেম্বার জানান, ঈদগাহ মাঠে তাবু টানানোর আধিপত্য নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মারামারির ঘটনা শুনেছি। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।