পাকিস্তানের গণমাধ্যম বলছে, বাবরদের কোচ যাচ্ছেন কারস্টেন ও গিলেস্পি

বৈশ্বিক কোচদের মহলে ব্যাপক স্বীকৃত দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাদা বলের সংস্করণে কারস্টেনকে এবং লাল বলে গিলেস্পিকে কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সেরে পিসিবি এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এমনটা যদি হয়ে থাকে তাহলে তা বিশ্ব ক্রিকেটে বড় চমক হিসেবে আসবে।

গত বিশ্বকাপের পর থেকেই একের পর এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট কাঠামো। সবশেষ মহসিন রাজা নাকভি পিসিবির সভাপতি হওয়ার পর আর এক দফা পট পরিবর্তন হয়। সবশেষ সাদা বলের সংস্করণে পাকিস্তানের অধিনায়কত্ব ফিরে পান বাবর আজম।

গ্যারি কারস্টেন কোচ হিসেবে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতান। এরপর নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। কোনো জাতীয় দলের দায়িত্বে না আসলেও ঘরোয়া পর্যায়ে নাম কুড়িয়েছেন। ২০১৪ ও ২০১৫ সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা দুবার শিরোপা জিতিয়েছেন গিলেস্পি।