পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান পদে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুনরায় নিয়োগ পেতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এসইসির চেয়ারম্যান হিসেবে ৪ বছরের জন্য আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায়। প্রধানমন্ত্রী ৪ এপ্রিল এতে স্বাক্ষর করেন।
সারসংক্ষেপে বলা হয়, ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আগামী ১৬ মে তার মেয়াদ শেষ হবে। ওই তারিখে তার বয়স হবে ৫৬ বছর ৪ মাস ১৫ দিন। তার বয়স ৬৫ বছর পূর্ণ হতে চার বছরের বেশি সময় রয়েছে। সে অনুযায়ী তিনি আরও একটি মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য। আগামী ১৭ মে থেকে পরবর্তী ৪ বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে।