কুষ্টিয়ার ভেড়ামারায় স্থানীয় আধিপত্য কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে মোকারিমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে বগুড়ায় পাওনা টাকা না পেয়ে বন্ধুকে কুপিয়ে এবং কক্সবাজারের চকরিয়া উপজেলায় চোরাই মালামাল বিক্রির টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
কুষ্টিয়া : শুক্রবার রাত ৮টায় উপজেলার গোলাপনগর বাজারের রবিউলের চা দোকানে চা-পান করার সময় প্রতিপক্ষ ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাজাহান আলীর সমর্থক গ্রুপের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের সহসভাপতি নাঈফ আহমেদ তুষারকে। নিহত ছাত্রলীগ (জাসদ) নেতা নাঈফ আহমেদ তুষার স্থানীয় বাসিন্দা কৃষক রবিউল ইসলামের ছেলে ও প্রাইম ইউনিভার্সিটি উত্তরা শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, মোকারিমপুর ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সেবুলের সঙ্গে বিএনপি নেতা শাজাহান গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সেবুল গ্রুপের ছাত্রনেতা তুষারের ওপর পরিকল্পিত এই হামলা হয়েছে।
নিহতের চাচা রেজানুরের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তুষার বাড়িতে ইফতার শেষ করে গোলাপনগর বাজারে রবিউলের চা দোকানে বসে চা খাচ্ছিলেন। এমন সময় বিএনপি নেতা শাজাহান আলীর বাসায় আয়োজিত ইফতার পার্টি শেষ করে ১৫-২০টি মোটরসাইকেল যোগে এসে তুষারকে উপর্যুপরি রামদা দিয়ে কোপাতে থাকে। তুষার সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। হামলাকারীরা ধাওয়া করলে খায়রুলের বাসার সামনে গিয়ে তুষার মাটিতে পড়ে যায়। সেখানেই তারা তুষারকে আবারও কোপাতে থাকে। একপর্যায়ে অচেতন তুষারকে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সাহায্যে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ভেড়ামারা থেকে অ্যাম্বুলেন্স যোগে রাত সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত পৌনে ১২টায় তুষারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। ঘটনাস্থলের পরিস্থিতি এখন শান্ত আছে বলেও দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাক, তাদের গ্রেপ্তার করা হবে।
বগুড়া : পাওনা টাকা না পেয়ে ফ্রি ফায়ার গেম ইনস্টল করার কথা বলে রেদোয়ানকে (১৮) তারাবির নামাজের পর ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু আবুল কাশেম (১৯)। শুক্রবার রাতে জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউপির পাতানজো পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ কাশেমকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার বেলা দেড়টায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার। পুলিশ সুপার আরও জানান, রেদোয়ান হত্যাকান্ডের পরপরই জেলা গোয়েন্দা পুলিশ ও কাহালু থানা-পুলিশ তদন্ত শুরু করে এবং রাতেই হত্যাকারী আবুল কাশেমকে শনাক্ত করে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে আসামি আবুল কাশেমকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর : গতকাল শনিবার সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি দরগারচালা পাঁচপীর মাজার এলাকায় আমবাগান থেকে অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার ওসি ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পেকুয়া-কুতুবদিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলায় চোরাই মালামাল বিক্রির টাকা ভাগবাটোয়ারায় বনিবনা না হওয়ায় দুই গ্রুপের বিরোধের জেরে রিয়াদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অপর গ্রুপ। এ সময় একই কায়দায় এক যুবকের হাতও শরীর থেকে বিচ্ছিন্ন করে গুরুতর আহতসহ ও অন্য এক যুবককে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত তিনজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শরীর থেকে পা বিচ্ছিন্ন করা যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী রাস্তার নির্জন স্থানে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
চকরিয়া থানা-পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে বদরখালী ইউনিয়নে একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। চোরচক্রের সদস্যরা বাসাবাড়ি, হাটবাজার থেকে মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড সংঘটিত করছে বলে তথ্য রয়েছে। সেই অপরাধ কর্মকান্ডের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দুই গ্রুপের মধ্যে একটি পক্ষ এ হামলার ঘটনা ঘটিয়েছে।
ওসি জানান, চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আহত রিয়াদ মারা গেছেন।
কুড়িগ্রাম : ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবা আকবর আলী ওরফে একাব্বর (৬০) নামে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাহেরা বানুও (৫৫)। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ নিহতের বাড়ির পশ্চিম পাশের ভুট্টাক্ষেত থেকে ঘাতক ছেলে সাজেদুল ইসলামকে (৩৫) আটক করেছে।
ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্তের কাজ চলছে।