ঈদে বাড়ি যাচ্ছেন, গাছে পানি দেওয়ার ব্যবস্থা করে যান

ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই বাড়ির উদ্দেশে চলে গেছেন। আজ-কাল-পরশু যাবেন অনেকে। বাড়ি যাওয়ার আগে সবাই বাসা-বাড়ি ভালো করে তালা দিয়ে যান এবং প্রতিবেশীকে দেখে রাখার দায়িত্ব দিয়ে যান। ঘরে পোষ্য থাকলে তারও ব্যবস্থা করে যান। তবে আপনার ঘরে যে গাছগুলো সখ করে লাগিয়েছেন, যেগুলো শোভা বাড়াচ্ছে ব্যালকনি বা ঘরের অন্যান্য জায়গায়—সেগুলোর কী ব্যবস্থা করে গেলেন?

গাছেরও তো আপনার বা আপনার পোষ্যের মতো খাবারের প্রয়োজন হয়, তাদের তো পানি লাগে, সেটার ব্যবস্থা করবেন কিভাবে!

ভাবনায় পড়ে গেলেন? ভাবার প্রয়োজন নেই, এখানে কিছু টিপস থাকল। এ অনুযায়ী ব্যবস্থা নিন, বাড়ি থেকে ফিরেও দেখবেন, ঝলমল করছে আপনার রেখে যাওয়া সখের গাছগুলো।

এই কাজটি করার জন্য আপনার অতিরিক্ত তেমন কিছুই লাগবে না। ঘরে থাকা কিছু টুকিটাকি জিনিস ব্যবহার করলেই হয়ে যাবে।

১. প্রথমে একটি বালতিতে পানি নিন। এরপর কিছু দড়ি বালতিতে ডুবান এবং দড়ি প্রান্তগুলো প্রতিটি টবে গেঁথে দিন। টবের মাটিটে দড়ির প্রান্ত ভালো করে পুঁতে দিন। এতে প্রয়োজনমতো পানি টবের গাছ বালতি থেকে দড়ি দিয়ে টেনে নেবে। অনেক দিন এভাবে সুস্থ থাকতে পারবে গাছগুলো।

২. একটা বোতল বা পলিথিনে পানি তাতে ছোট ফুটো করে টবের ওপর ঝুলিয়ে দিন। ফোঁটায় ফোঁটায় পানি আপনার গাছকে মৃত্যু থেকে রক্ষা করবে। এটাকে ড্রিপ ইরিগেশন পদ্ধতি বলে। 

৩. যেদিন আপনি রওনা দিচ্ছেন, সেদিন খুব ভালো করে গাছগুলোতে পানি দিন। গাছগুলোকে একটা বড় প্লাস্টিক বোলে সাজিয়ে রাখুন। এরপর বেশি করে পুরনো খবরের কাগজ মুঠো করে নিন এবং এগুলোকে পানিতে ভেজান। ভেজা নিউজপেপারের দলা টবগুলোর আশপাশে সাজিয়ে রাখুন। এতে টব থেকে সহজে পানি হারাবে না এবং বেশ কিছুদিন গাছ তরতাজা থাকবে।

৪. টবের সঙ্গে একটি পানির বোতলকে সংযুক্ত করা যায়—এমন লম্বা করে এক টুকরো নাইলনের দড়ি কেটে নিন। এই দড়ি ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এ সময়ের মাঝে গাছে পানি দিন। খেয়াল রাখুন যেন মাটি পুরো পানিটা শুষে নেয় এবং অতিরিক্ত পানি ভেসে না থাকে। এরপর ভেজানো দড়ির এক প্রান্ত টবের মাটিতে পুঁতে দিন। অন্য প্রান্তটি পানির বোতলে ভিজিয়ে রাখুন। বোতলটাকে টবের থেকে উঁচু কোনো জায়গায় ঝুলিয়ে রাখুন। বড় গাছের টব হলে একাধিক বোতল ব্যবহার করুন।