ঈদকে সামনে রেখে চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে নেমেছে বিআরটিএ। রবিবার ( ৭ এপ্রিল) চট্টগ্রাম নগরের বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন বিআরটিএ টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিন বাসকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরের অলংকার, একে খান, দামপাড়া, বিআরটিসি, কদমতলী, নতুন ব্রিজ, চাঁদগাও-বদ্দারহাটসহ বিভিন্ন কাউন্টারে বিআরটিএ টিম সরজমিনে পরিদর্শন ও সতর্ক করে । এ সময় বিআরটিএ অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন ও বাড়তি ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
এ বিষয়ে বিআরটিএ কর্মকর্তারা বলেন, প্রত্যেকটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত না থাকলে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্ট মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ-চট্ট মেট্রো -২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক , বিআরটিএ-চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার।