কেজরিওয়ালের মুক্তির দাবিতে অনশনে আপ নেতারা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন শহরে অনশন পালন করেছেন তার দল আম আদমি পার্টির ( আপ) নেতারা। আজ রোববার অনশন চলাকালে দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী মারলেনা অভিযোগ করেন যে, শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংস্থাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

অতীশী মারলেনা অভিযোগ করেন, বিজেপির ইডি বা সিবিআই (ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো) আবগারি দুর্নীতিতে একটি পয়সাও আপ নেতাদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনার যদি কোনো অর্থের লেনদেন হয়ে থাকে, তার সঙ্গে শরৎ রেড্ডি থেকে শুরু করে বিজেপি পর্যন্ত জড়িত।

গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। তাঁকে ১৫ এপ্রিল পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। অর্থ তছরুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হওয়া মামলায় তাঁকে তিহার জেলে থাকতে হচ্ছে।

শুধু আম আদমি পার্টি নয়, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে থাকা সব দলই কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন।