দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে নিহত ২০

আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:৫৮ পিএম

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৩ জুন) সকালে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর পাঁচতলা ভবনজুড়ে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে । ঘটনাস্থলে একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয়।  

প্রাথমিকভাবে জানা যায়, ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। 

আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন,এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত