পাকিস্তানের অন্তর্বতীকালীন কোচ ইউসুফ-রাজ্জাক

ঈদের পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজে পাকিস্তানের অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করবেন দেশটির নির্বাচক প্যানেলের সদস্য মোহাম্মদ ইউসুফ। এছাড়া আরেক সদস্য আবদুর রাজ্জাক সহকারী কোচ হিসেবে থাকবেন।

এই সিরিজ দিয়েই আবারও পাকিস্তান দলের অধিনায়ক পদে ফিরছেন বাবর আজম। এর আগে শোনা গিয়েছিল গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিকে পাকস্তানের সাদা ও লাল বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে সেটা শীঘ্রই হচ্ছে না তা বোঝা গেল পিসিবির এ সিদ্ধান্তে

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের প্রধান কোচের পদ খালি। এ সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কোচের কাজ সামলেছিলেন টিম ডিরেক্টর পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ হাফিজ।

পাঁচ টি–টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড দল পাকিস্তানে পৌঁছাবে ১৪ এপ্রিল। সিরিজের প্রথম টি–টোয়েন্টি ১৮ এপ্রিল।