চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে শহীদুল্লাহ নামের এক দারোয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগে ভবন মালিকের দুই স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। গতকাল রবিবার রাতে ছিদ্দিক ম্যানশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, দারোয়ানকে হত্যার বিষয়টি গোপন রেখে অভিযুক্তরা লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায় পাঠিয়ে দেন। পরিবারের লোকজন দাফনের আগে গোসল করানোর সময় লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ বিষয়টি তদন্ত করে বলেন, ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপর দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার মৃত মাহমুদুল হকের ছেলে মো. ফোরকান উদ্দীন (৩৭) ও পটিয়া পৌরসভার বাহুলী এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে মো. মামুন মিয়া (৩৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, রবিবার ভোরে নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোডে ছিদ্দিক ম্যানশন নামে এক প্রবাসীর ভবনের দারোয়ান শহিদুল্লাকে হত্যা করা হয়। এ ঘটনায় রবিবার রাতে ছিদ্দিক ম্যানশনে অভিযান চালিয়ে ভবন মালিকের শ্যালকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহত দারোয়ানের বোন মরিয়ম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।