সরকার নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল বা শিল্প এলাকা ছাড়া অন্য জায়গায় নতুন শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে না। সম্প্রতি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। যারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক সার্কুলার জারি করেছে।
গত ২১ মার্চ মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরকার নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলের বাইরে নতুন শিল্পপ্রতিষ্ঠানকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে ব্যাংকগুলোকে কোনো নতুন শিল্প ইউনিট ঋণের জন্য আবেদন জানালে ইউটিলিটি সার্ভিস প্রোভাইডারদের দেওয়া ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে নির্দেশ দিয়েছে। পরিকল্পিত শিল্পায়ন অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে অপরিহার্য এবং নির্দিষ্ট স্থানে শিল্প স্থাপনের মাধ্যমে যথাযথ ভূমি ও জ¦ালানি ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করা হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২০ সালের অক্টোবরে, জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগ অনুরূপ একটি সার্কুলার জারি করেছিল, যেখানে বলা হয়েছিল, ২০২১ সালের এপ্রিল থেকে অর্থনৈতিক অঞ্চল এবং শিল্প পার্কের বাইরে অবস্থিত শিল্পগুলোতে নতুন গ্যাস সংযোগ প্রসারিত করবে না। তবে অর্থনৈতিক অঞ্চলের বাইরে থাকা সত্ত্বেও গত তিন বছরে অনেকেই ইউটিলিটি সংযোগ পেয়েছেন।