নার্স-স্টাফদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিমাতাসুলভ আচরণ

ঈদ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যখন ছুটি ঘোষণা করা হয়েছে তখন মানুষের জীবন রক্ষার কাজে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাবেন সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসক,নার্স ও স্টাফরা। তবে এই সময় চিকিৎসকদের পাশাপাশি নার্স ও স্টাফরা দায়িত্ব পালন করলেও খাবার পাবেন কেবল চিকিৎসকরা।

সম্প্রতি ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের খাবার পরিবেশনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে কর্মরত চিকিৎসকদের খাবার পরিবেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের এমন নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে কর্মরত নার্স, টেকনেশিয়ান, কর্মকর্তা কর্মচারীরা। একইভাবে অধিদপ্তরের এমন উদ্ভট সিদ্ধান্তে অবাক হয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। তারা এই নির্দেশনা পরিবর্তন করে সবার জন্য খাবার দেওয়ার নির্দেশনা চেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, পরিবার ও ছেলে মেয়েদের রেখে আমরা ঈদের দিন হাসপাতালে সেবা করতে আসবো। ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা থাকবে,ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরা হাসপাতালে সেবা দিতে আসবো। অথচ অধিদপ্তরের নির্দেশনা দেখে মনে হচ্ছে হাসপাতালে কেবল চিকিৎসকরাই সেবা করবেন আমাদের কোনো ভূমিকা নেই।

এমন উদ্ভট নির্দেশনার কারণ জানতে অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।