ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে রাজকীয় বিদায়

ফেনীর পরশুরামে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিয়েছে গ্রামবাসী। পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ মালিপাথর জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী আহমাদুর রহমানকে মঙ্গলবার ৫টি গ্রাম ঘুরিয়ে বিরল বিদায় সংবর্ধনা দেন মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা।

দীর্ঘ ৪৯ বছর মসজিদের ইমামতি করে সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেন প্রবীণ এই ইমাম। সুদীর্ঘ এ সময়ে মানুষের সুখ-দুঃখে,বিপদে পাশে ছিলেন মৌলভী আহমাদুর রহমান। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই মসজিদ কমিটির কাছে অবসর চান। গ্রামবাসীও তাঁকে প্রাপ্য সম্মান দিতে ভুল করেনি।

মৌলভী আহমাদুর রহমানের সেজো ছেলে প্রবাসী আবদুল মোতালেব জানান, মানুষ আমার বাবাকে শ্রদ্ধা ও সম্মান করে। গ্রামবাসী ও মসজিদ কমিটি আমার বাবাকে রাজকীয় বিদায় দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

এলাকার মানুষ প্রবীণ এই ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মালিপাথর, শালধর বাজার, ধনীকুন্ডা, রাজষপুর, মনতলা, গাবতলা ও নিলক্ষী গ্রাম ঘুরিয়ে বিদায় সংবর্ধনা দিয়েছেন।